বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে ফেরোমন ফাঁদ :
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে বেগুনের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। বর্তমানে সেক্স ফেরোমনভিত্তিক আইপিএম (IPM) পদ্ধতি ব্যবহার করে এ পোকার আক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে।
ফাঁদ তৈরির পদ্ধতি :
ফেরোমন ফাঁদ তৈরি ও স্থাপন পদ্ধতি কোণাকৃতি বা গোলাকার একটি প্লাস্টিক পাত্র দিয়ে এই ফাঁদ তৈরি করা হয়। পাত্রের উভয়দিকে ত্রিভুজাকারে কেটে ফেলতে হবে। পাত্রের তলা হতে কাটা অংশের নিচের দিক কমপক্ষে ৪-৫ সেমি. উঁচু হওয়া বাঞ্ছনীয়। প্লাস্টিক পাত্রের মুখ থেকে সেক্স ফেরোমন টোপটি (একটি স্বচ্ছ প্লাস্টিক টিউব) একটি সরু তার দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন টিউবটি সাবান মিশ্রিত জল থেকে মাত্র ২-৩ সেমি. উপরে থাকে। সেক্স ফেরোমনে গন্ধে আক্রষ্ট হয়ে পুরুষ মথ ফাঁদের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান জলে পড়ে আটকে যায় এবং পরবর্তীতে মারা পড়ে। সেক্স ফেরোমনে ভরা প্লাস্টিক টিউবটির মুখ সব সময়ই বন্ধ রাখতে হবে।
ফাঁদ স্থাপনের সময় :
ফেরোমন ফাঁদ ব্যবহারের সময় বেগুনের জমিতে ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য চারা লাগানোর ১০-১৫ দিন থেকে ফেরোমোন ফাঁদ স্থাপন কতে হবে।
স্থাপন করার পদ্ধতি :
জমির আল থেকে ৫ মিটার ভেতরে প্রতি ১০ মিটার দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। সাধারণত ২টি খুঁটি দৃঢ়ভাবে স্থাপন করে তার মাঝে টোপ বা লিউরসহ ফাঁদটি বসিয়ে রশি বা গুনা দিয়ে খুটির সাথে শক্ত করে বেঁধে দিতে হবে। প্রতি ২.৫-৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করা উচিত। একটি টোপ ৪৫-৫০ দিনের জন্য প্রযোজ্য অর্থাৎ পুরো মৌসুমের জন্য ২টি টোপ ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যে পাত্রের তলায় রক্ষিত সাবান জল যেন কোন কারণে শুকিয়ে না যায়। প্রতি ৪-৫ দিন অন্তর অন্তর ফাঁদের সাবান মিশ্রিত জল পোকাসহ পরিষ্কার ও পরিবর্তন করতে হবে। ফেরোমন টোপগুলো অ্যালমুনিয়াম প্যাকেটের মধ্যে রক্ষিত থাকে এবং এ অবস্থায় ১-২ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে অ্যালমুনিয়াম প্যাকেট থেকে টোপগুলো বের করার সাথে সাথে মাঠে প্রয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য অবশ্যই রেফ্রিজিরেটরে সংরক্ষণ করতে হবে।
ফাঁদ স্থাপনের পরে করণীয় :
প্রতি ২-৩ দিন পর পর ফাঁদ পর্যবেক্ষণ করতে হবে। ফাঁদের মধ্যে মারা যাওয়া পোকা সরিয়ে ফেলতে হবে। ফাঁদের জল শুকিয়ে গেলে পুনরায় সাবান/কাপড় কাচার পাউডার মিশ্রিত জল দিতে হবে। গাছের উচ্চতা বাড়ার সাথে সাথে ফাঁদটিকে উপরের দিকে তুলে দিতে হবে। বেগুনের ক্ষেত্রে প্রতি দেড় থেকে দুই মাস পরপর টোপ বা/লিউর পরিবর্তন করে নতুন টোপ/লিউর ফাঁদ পুনঃস্থাপন করতে হবে।